ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি,হাজারো মানুষের নিরব আর্তনাদ

Mahamudul Hasan Babu
July 12, 2026 6:29 am
Link Copied!

লামা (বান্দরবান) প্রতিনিধি:টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যায় বান্দরবানের লামা উপজেলায় নেমে এসেছে চরম দুর্যোগ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড়ধসের কারনে লামার আজিজনগর ইউনিয়ে দুই পরিবারের শিশু সহ পাঁচজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে,এবং উপজেলার বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে অসংখ্য বসতঘর,ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমি। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ঘেঁষা ও নিম্নাঞ্চলের বসতিগুলো। পাহাড়ধসের ঝুঁকিতে বহু পরিবার নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ত্রাণ পৌঁছাতে বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থাও অনেক স্থানে ব্যাহত হয়েছে।
কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বিভিন্ন ফসল, সবজি ক্ষেত, পানিতে তলিয়ে গেছে। মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় অনেকের জীবিকার প্রধান উৎসও নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকটে মানবেতর জীবনযাপন করছে।
দুর্যোগের শুরু থেকেই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা বিতরণ করা হচ্ছে। তবে দুর্গত মানুষের সংখ্যা বেশি হওয়ায় আরও ব্যাপক সহায়তার প্রয়োজন রয়েছে।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারের সঠিক তালিকা প্রণয়ন করে দ্রুত আর্থিক সহায়তা, ঘর পুনর্নির্মাণ, কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় স্থায়ী দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি পাহাড়ধস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।
প্রাকৃতিক এই দুর্যোগে লামার হাজারো মানুষের কান্না আজ এক গভীর মানবিক সংকটের প্রতিচ্ছবি। দুর্গত মানুষের জীবন স্বাভাবিক করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মানবিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের সম্মিলিত সহযোগিতাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।