সুমন আহমদ, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। স্বাধীনতার অর্ধশতক পার হলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্র নগর থেকে সারপিন নগর হয়ে নরসিংপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটিতে। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে রাস্তাটি একই রকম জরাজীর্ণ ও বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ।
আজ (১২ জুলাই) জরুরি কাজে নরসিংপুর যাওয়ার পথে চরম ভোগান্তির শিকার হন এক স্থানীয় সংবাদকর্মী ও ব্যবসায়ী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকে জরুরি একটি কাজে নরসিংপুর যাওয়ার জন্য বের হয়েছিলাম। অনেক কষ্টের বিনিময়ে নরসিংপুর পৌঁছালাম। এই রাস্তা মনে হয় ৫০+ বছর একই রকম আছে। কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।
স্থানীয়দের অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৫-২০ বছরের শাসনামলেও এই সড়কের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বীরেন্দ্র নগর, সারপিন নগর ও নরসিংপুর এলাকার হাজার হাজার মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে, ভাঙাচোরা ও কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা কিংবা ব্যবসায়িক মালামাল পরিবহনের ক্ষেত্রে এই সড়কটি এখন ওই অঞ্চলের মানুষের জন্য এক বড় দুঃস্বপ্ন।
দেশের চলমান রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন বাস্তবতায় এখন এলাকাবাসীর মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন বিএনপির আমলে কি আমরা এই রাস্তার কাজ দেখতে পাবো?
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক দল বা ক্ষমতার পরিবর্তন যেটাই হোক না কেন, দীর্ঘদিনের এই গণভোগান্তি দূর করতে প্রশাসন যেন দ্রুত উদ্যোগ নেয়। বীরেন্দ্র নগর-সারপিন নগর সড়কটি দ্রুত সংস্কার করে নরসিংপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য সংশ্লিষ্ট এলজিইডি (LGED) কর্তৃপক্ষ ও হবু স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনসাধারণ।
