বাদশা আলম , বগুড়া: গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়া মহানগর সহ জেলার বিভিন্ন উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন থৈ থৈ করছে পানি। কোথাও হাঁটু পানি। আবার কোথাও কোমর পর্যন্ত পানি জমে আছে সড়কে। নিম্ন এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সামনে পানি জমে থাকায় ব্যহত হচ্ছে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম। বৃষ্টির পাণিতে শহরের বেশিরভাগ সড়কের ড্রেনেজ ব্যবস্থা নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। ড্রেনের ময়লা পানি উপচিয়ে সড়কে চলে আসছে। এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, টানা কয়েকদিনের বৃষ্টিতে বগুড়া শহরের সাতমাথা, মালতিনগর, জলেশ্বরীতলা, কামারগাড়ী, চেলোপাড়া, সুত্রাপুর, লতিফপুরসহ বেশ কয়েকটি নিচু এলাকার রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। কোনো কোনো এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি থই থই করছে। ড্রেনেজ ব্যবস্থা ও শহরের মধ্য দিয়ে প্রবাহিত ‘করতোয়া নদী’ ভরাট হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি নামতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের।
গত শনিবার (১১ জুলাই) থেকে সোমবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে জেলার শহরসহ বিভিন্ন উপজেলায়। বগুড়া মহানগরের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে না পারায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সারা শহর কাদা পানি ও ময়লায় সয়লাব। শহরজুড়ে এই অবস্থার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ীরা এবং পশুপাখিরা।
শহরে চলাচলকারী ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, শহরের বেশিরভাগ জায়গার বৃষ্টির পর পানি নামছে ধীর গতিতে। সড়কের পানি ড্রেনে না গড়ার কারণে ময়লা ও কাদা পানি জমে থাকছে। এসব কাদা পানি মাড়িয়ে আমাদের চলাচল করতে হচ্ছে।
এদিকে জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ পূর্বক বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, মহানগরের অধিকাংশ ড্রেন ফাস্টফুডের পরিত্যক্ত প্যাকেটে ভরপুর হয়ে আছে। এ কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় ড্রেন উপচে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যা দূর করা হবে।
বৃষ্টিপাতের কারণে শুধু বগুড়া মহানগরেই নয়, জেলার শেরপুর, শাজাহানপুর, গাবতলী, ধুনট, সোনাতলা এবং সারিয়াকান্দির মতো উপজেলাগুলোতেও জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। উপজেলার নিচু এলাকাগুলোতে “ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। খাটের ওপর জিনিসপত্র তুলে কোনোমতে রাত পার করছে। ড্রেনগুলো পরিষ্কার না থাকায় প্রতি বছর একটু বেশি বৃষ্টি হলেই আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
বৃষ্টিতে শত শত হেক্টর ফসলি জমি, বিশেষ করে সদ্য রোপণ করা আমন ধানের বীজতলা এবং সবজি খেত পানির নিচে তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক এলাকার সাথে উপজেলা সদরের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু এলাকার পুকুর ও মাছের ঘের ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন খামারিরা।
সোমবার (১৩জুলাই) সকাল ১১টার দিকে সরেজমিনে শেরপুর উপজেলায় গিয়ে দেখা যায়, বিশ্বরোড থেকে টোলারগেট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। প্রায় ২০০ মিটার এগিয়ে দক্ষিণ পাশে অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত ঐতিহাসিক খেরুয়া মসজিদে যাওয়ার পথের অবস্থা আরও ভয়াবহ। বড় বড় সৃষ্টি হওয়া গর্তগুলো বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত—তা বোঝার উপায় নেই। এমনকি রাস্তার ওপর জমে থাকা পানিতে স্থানীয় শিশুদের মাছ ধরতেও দেখা গেছে।
বিশেষ করে ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার পানি নামতে গিয়ে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। মির্জাপুর ও শাহ-বন্দেগী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের বৃষ্টির পানি ঢাকা-বগুড়া বিশ্বরোড সংলগ্ন ড্রেন দিয়ে প্রবল স্রোতে কৃষ্ণপুর গ্রামের ভেতর দিয়ে করতোয়া নদীতে প্রবাহিত হচ্ছে। এতে করে ওই এলাকার ফসলি জমি, বসতভিটা ও বিদ্যুতের খুঁটি চরম হুমকির মুখে পড়েছে।
ইতোমধ্যেই পানির তীব্র স্রোতে কৃষিজমি ভাঙতে শুরু করেছে এবং ভাঙনের কবলে পড়েছে পল্লী বিদ্যুতের দুটি খুঁটি। ফলে নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী ধুনট উপজেলার প্রায় ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল।
স্থানীয়রা জানান, গত বছর এই এলাকায় প্রায় ১ কিলোমিটার অংশ ভেঙেছিল, আর চলতি বছরের বর্ষার শুরুতেই নতুন করে আরও ৩ মিটার অংশ ধসে গেছে। মির্জাপুরের মদনপুর, কৃষ্ণপুর, যমুনাপাড়া, আন্দীকুমড়া, বাগমারা, হাতিগাড়া, কানাইকান্দর ও ফুলতলাসহ দুই ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ এটিই। ফলে বর্ষায় পানির চাপ কয়েকগুণ বেড়ে গিয়ে এই ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এদিকে টানা কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় চলাচলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কর্মজীবি, শ্রমজীবি মানুষদের। কর্মের সন্ধানে পথে বের হওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন, বিশেষ করে রিকশা ও ইজিবাইকের সংখ্যা একেবারেই কম। যে দু-একটি চলছে, তারা দ্বিগুণ-ত্রিগুণ ভাড়া দাবি করছে। অগত্য বেশী ভাড়ায় যেতে হচ্ছে গন্তব্যস্থলে। এছাড়াও বৃষ্টিপাতের কারণে শহরের প্রধান প্রধান বিপণিবিতান ও কাঁচাবাজারে পানি থই থই করায় ক্রেতাদের সমাগম নেই বললেই চলে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়েছেন।
অন্যদিকে বৃষ্টিপাতের কারণে রাস্তা-ঘাটে নোংরা ও নর্দমার পানি উপচে পড়ায় ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত নানা রোগের আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু জানান শহরের নিম্নাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলো পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তবে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় পানি সরতে সময় লাগছে। এছাড়াও মির্জাপুর এলাকায় ভাঙনের বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। “পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, আপাতত কিছু জিও ব্যাগ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করবে।” তবে স্থায়ী কিছু করতে সময় লাগবে।” তাছাড়া ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলো নির্দেশনা দেয়া হয়েছে।
বগুড়া আবহাওয়া অফিসের অ্যায়ারলেস ওপারেটর মো. রবিউল ইসলাম জানান, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল রবিবার বিকাল ৩টা ২০ মিনিট থেকে সোমবার(১৩ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ আবহাওয়া পরিস্কার কথা থাকলেও এখনও বৃষ্টি হচ্ছে। তবে আগামী দিন থেকেই আকাশ পরিস্কার হয়ে বৃষ্টিপাত কমতে পারে বলে দাবী করেন তিনি।
টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ এই পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি পেতে করতোয়া নদী খনন এবং শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নিম্নাঞ্চলের জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন বগুড়াবাসী।
