মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে নৌবাড়ীয়া নতুনপাড়া গ্রামের মৃত অনিলের ছেলে মিলন (৩৬)-কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অভিযুক্তের কাছ থেকে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণ ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই (নিঃ) মো. এরশাদ হোসেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
