ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
July 15, 2026 5:30 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:পুলিশ সুপারের নির্দেশনায় রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু চোর ও ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নওগাঁর রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর এলাকায় সংঘটিত একাধিক গরু ডাকাতির ঘটনার তদন্তে পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় ১৪ জুলাই সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশের যৌথ অভিযানে নাটোরের নলডাঙ্গা এলাকা থেকে কুখ্যাত গরু ডাকাত আসলামকে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসলাম তার আন্তজেলা চক্রের সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার বড় চৌগ্রাম বাজার এলাকায় ওত পেতে অবস্থান নেয় রানীনগর থানা পুলিশ। এ সময় ডাকাতদের বহনকারী একটি পিকআপ ভ্যানকে থামানোর চেষ্টা করলে তারা বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে এবং পুলিশের গাড়িকে ধাক্কা দেওয়ার পাশাপাশি সড়কের পাশে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত করে।

একপর্যায়ে ছোট চৌগ্রাম এলাকায় পৌঁছে পিকআপে থাকা দুই ডাকাত পালানোর উদ্দেশ্যে কচুরিপানায় ভর্তি একটি জলাশয়ে ঝাঁপ দেয়। পরে রানীনগর থানা পুলিশ, সিংড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার কয়েক ঘণ্টার যৌথ অভিযানে জলাশয় থেকে জীবিত অবস্থায় হাবিবুর রহমান (৪২) ও ফেরদৌস (২৬) কে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাদের চিকিৎসা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। অভিযানের সময় রানীনগর থানার তিন পুলিশ সদস্য আহত হন এবং চিকিৎসা নেন। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রানীনগর থানায়ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।