সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনুমোদনহীন ও অতিরিক্ত শব্দসৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় পাঁচটি পরিবহনের চালকের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি জব্দকৃত হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তায় নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
