ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গীপাড়ায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ পৌরসভার 

Mahamudul Hasan Babu
July 21, 2026 4:38 pm
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার খাদ্যপণ্য তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ ও পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও জহিরুল আলম। সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ ও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে একটু বেশি বৃষ্টি হলেই এই এলাকা তলিয়ে যায়। এর স্থায়ী সমাধানের জন্য একটি সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আকুল দাবি জানান তারা। এ বিষয়ে প্রশাসন থেকে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়ার দৃঢ় আশ্বাস দেওয়া হয়েছে।