ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার: আটক ২

Mahamudul Hasan Babu
July 21, 2026 4:40 pm
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব পাড়তে গিয়ে নিখোঁজ হওয়ার পর এক পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই সঙ্গীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়ান মোল্লা কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। আর জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত দুজন হলেন একই গ্রামের আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখ (১৬)।

ঘটনার বিবরণ দিয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, রোববার (১৯ জুলাই) রাতে স্থানীয় একটি জায়গায় ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়ান। খেলা শেষে আরিফ ও মুরছালিনকে সঙ্গে নিয়ে তারা স্থানীয় এক ব্যক্তির বাগান থেকে ডাব পাড়তে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দাবি করেছে, গাছে উঠে ডাব পাড়ার সময় অসাবধানতাবশত রিয়ান নিচে থাকা একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়।

ওসি আরও জানান, রিয়ান পুকুরে পড়ে গেলে আরিফ ও মুরছালিন তাকে খোঁজাখুঁজি করে। কিন্তু ব্যর্থ হয়ে তারা ভয় পেয়ে বিষয়টি কাউকে না জানিয়ে যার যার বাড়ি ফিরে যায়।

এদিকে গভীর রাতেও রিয়ান বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহের বশে আরিফ ও মুরছালিনকে চাপ দিলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার কথা স্বীকার করে।

পরবর্তীতে সোমবার ভোররাত ৩টার দিকে পরিবারের সদস্যরা ওই পরিত্যক্ত পুকুরে রিয়ানের মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক দুই সঙ্গীকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সার্বিক তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”