আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলা কর্মসংস্থান ব্যাংক শাখায় ঋণ বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি এবং খেলাপি ঋণ বৃদ্ধির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, বর্তমান শাখা ব্যবস্থাপক মো. সাঈদ যোগদানের পর থেকে ঋণ বিতরণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রকৃত বেকার ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক অযোগ্য ব্যক্তি ঋণ সুবিধা পেয়েছেন। অভিযোগকারীদের ভাষ্য, এসব ঋণগ্রহীতার একটি বড় অংশ বর্তমানে ঋণ খেলাপি হয়ে পড়েছেন। এর ফলে সরকারের বিপুল পরিমাণ অর্থ আদায়ের বাইরে থেকে যাচ্ছে বলে তারা দাবি করেন।
এদিকে ব্যাংকের ঋণ বিতরণ, খেলাপি ঋণের পরিমাণ এবং ঋণ অনুমোদনের প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে চাইলে শাখা ব্যবস্থাপক মো. সাঈদ জানান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো তথ্য দিতে পারবেন না।
অভিযোগকারীদের দাবি, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং কর্মসংস্থান ব্যাংকের মূল লক্ষ্য বাস্তবায়নের স্বার্থে গাংনী শাখার ঋণ কার্যক্রম, খেলাপি ঋণের প্রকৃত চিত্র এবং ঋণ অনুমোদন প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।
এ বিষয়ে কর্মসংস্থান ব্যাংকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার বলেন, প্রয়োজনীয় তথ্য না পেলে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করে তথ্য সংগ্রহ করতে পারেন।
এদিকে কর্মসংস্থান ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মুঞ্জুরুল করিম বলেন, প্রতিটি শাখার ব্যবস্থাপকই ওই শাখার তথ্য প্রদানকারী কর্মকর্তা। তাই আইন অনুযায়ী যেসব তথ্য প্রদানযোগ্য, সেগুলো সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপককেই সরবরাহ করতে হবে।
