ঢাকাSaturday , 25 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলার  ভবানীপুর  বেতবাড়ীয়া সড়ক টানা বৃষ্টিতে  ভেঙে চলাচলের অযোগ্য : সীমাহীন দুর্ভোগ নিয়ে যাতায়াত

Mahamudul Hasan Babu
July 25, 2026 3:19 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর থেকে বেতবাড়ীয়া সড়কটি টানা বৃষ্টিতে চার থেকে পাঁচ দিন আগে ভেঙে যায়  । সীমাহীন দুর্ভোগ নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। চলাচল করতে পারছে না ভারী যানবাহন।

তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করেনি। এতে স্থানীয় জনগণ, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চরম কষ্ট ও দুর্ভোগ নিয়ে মানুষ চলাচল করছে। তবে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর-বেতবাড়ীয়া রাস্তাটি চার-পাঁচ দিন আগে ভেঙে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।

এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি। চরম দুর্ভোগ আর কষ্ট নিয়ে কোনো রকমে মানুষ চলাচল করছে। ভারী যানবাহন তো দূরের কথা, মোটরসাইকেল ও অটো নিয়েও চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, “টানা বৃষ্টিতে রাস্তা একেবারে ভেঙে গেছে। মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে পারছে না। রাস্তাটি চার-পাঁচ দিন আগে ভাঙলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষকে মেরামতের কোনো উদ্যোগ নিতে দেখলাম না, অথচ এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত কাজ শুরু না হওয়া অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “আরেকটু ভারী বৃষ্টি হলে রাস্তাটি ভেঙে দুভাগ হয়ে যাবে। মানুষ চরম আতঙ্ক নিয়েই চলাচল করছে। রাতে যাতায়াতের সময় মানুষ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি, অনতিবিলম্বে যেন কাজটি শুরু করা হয়।”

অটোচালক আলামিন হোসেন বলেন, “চার থেকে পাঁচ দিন আগে রাস্তাটি ভেঙে গেলেও এখনো কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মানুষ যে কত কষ্ট করে যাতায়াত করছে, তা বলে বোঝানো সম্ভব না। জনপ্রতিনিধিরা কেন এখনো উদ্যোগ নিয়ে কাজটি করলেন না, তা বুঝে আসে না। রাত হলে এই রাস্তাটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার।”

পথচারী ফজলুর রহমান বলেন, “রাস্তাটি ভেঙে গেলেও কর্তৃপক্ষের তেমন কোনো মাথাব্যথা নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অতি দ্রুত বিষয়টি সমাধান করুন।”

কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মতিয়ার মোল্লা বলেন, “গত বছরও এখানে রাস্তাটি ভেঙে গিয়েছিল, এবারও একই জায়গায় ভেঙেছে। রাস্তায় প্যালাসাইডিং না করলে এটি বারবার ভাঙবে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, প্যালাসাইডিং দিয়ে অতি দ্রুত রাস্তাটি মেরামত করুন।”

কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম হোসাইন বলেন, “আমরা রাস্তাটি মেরামতের জন্য কয়েকবার উদ্যোগ নিলেও বৃষ্টির কারণে কাজ করতে পারিনি। আশা করছি আগামীকাল কাজ শুরু করব। তাছাড়া জনদুর্ভোগ কমাতে অতি দ্রুত কাজটি করার জন্য সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনা রয়েছে।”

গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, “ভবানীপুর-বেতবাড়ীয়ার ভাঙা রাস্তাটি আমরা সরেজমিন পরিদর্শন করেছি। জনদুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।”

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, “সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছি, অতি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা বলেন, “সংবাদমাধ্যম ও স্থানীয় জনগণের মাধ্যমে আমরা জানতে পেরেছি, রাস্তাটি নিয়ে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আশা করছি, অতি দ্রুত মেরামতের কাজ শুরু হবে।”