মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির কাউন্সিল মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান (মাসুদ) খন্দকার দলীয় নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাঁর ভাষ্য, দলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হওয়া উচিত।
মাকসুদুর রহমান বলেন, দলের দুঃসময়ে যারা নেতাকর্মীদের পাশে থাকেন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন, তাদের নেতৃত্বে আসার সুযোগ দেওয়া প্রয়োজন। কাউন্সিল শেষে সবাইকে নির্বাচিত নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
খানমরিচ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খোকন সরদার। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আজাদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
কাউন্সিল শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি হিসেবে মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হিসেবে আতাউর রহমান খোকন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আবু তাহের নির্বাচিত হয়েছেন।
