লামা (বান্দরবান) প্রতিনিধি:”মায়ের দুধ শিশুর শ্রেষ্ঠ খাদ্য, সুস্থ জীবনের প্রথম ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় জাতীয় মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে লামা বাজার হয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এর ভূমিকা, জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ খাওয়ানোর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সর্বোত্তম, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অপুষ্টি ও বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পরিবার ও সমাজের সকলকে মাতৃদুগ্ধ পান করানোর অনুকূল পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
