এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে পেট্রোল ঢেলে সাবেক স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এঘটনায় ওই পাষন্ড সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।
মর্মান্তিক এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউপি’র বিজোড়া সুতারপাড়া গ্রামে।
জানা গেছে, প্রায় দেড় থেকে দুই মাস পূর্বে বিরল উপজেলার বিজোড়া ইউপি’র বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ২ সন্তানের জননী সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) এর সাথে রংপুর কোতয়ালী থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা বর্তমানে বিরল উপজেলার একই ইউনিয়নের দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ীভাবে বসবাসকারী মৃত সফি উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান (৫১) এর বিবাহ বিচ্ছেদ ঘটে।
সাবেক স্বামী মাহবুবুর রহমান গত ১ আগস্ট ২০২৬ শনিবার দিবাগত রাত ১১ টার দিকে সাবেক স্ত্রী শ্যামলীর পিতার বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে শ্যামলীকে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় শ্যামলী প্রতিহত করলে পাষন্ড ও ঘাতক মাহবুবুর শ্যামলীর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে আগুনে শ্যামলীর শরীর দগ্ধ হয়।
শ্যামলীর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ঘাতক স্বামী দ্রুত পালিয়ে যায়। এসময় প্রতিবেশিরা গুরুত্বর আহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মুর্ত্যু হয়।
এব্যাপারে বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ৯৯৯-এর মাধ্যমে আমরা সংবাদ পাই। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেলে জানতে পারি যে, মাহবুবুর রহমান ও শ্যামলী স্বামী-স্ত্রী। প্রায় দেড়মাস পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পূর্ব শক্রুতার জের ধরে সাবেক স্বামী মাহাবুর রহমান ওই মহিলার কাছে যায়। মহিলাটি সাবেক স্বামীকে পাত্তা দেয় নি। ফলে সাবেক স্বামী প্রথমে শ্যামলীকে চাকু দিয়ে স্টেপ করার চেষ্টা করলে শ্যামলী সেটা প্রতিহত করে। এরপর মাহবুবুর শ্যামলীর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ¦ালিয়ে দেয়। আমরা রোগীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে যাবার পথে শ্যামলীর মৃত্য হয়। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা রাতেই বিভিন্ন সোর্সের মাধ্যমে সংবাদ নিয়ে ঘটনার সাথে জড়িত ব্যাক্তি মাহবুবুর রহমান কে দিনাজপুর থেকে গ্রেফতার করেছি। নিহতের আত্মীয় স্বজনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
