বাদশা আলম, বগুড়া -বগুড়ার সদর উপজেলায় একটি যাত্রীবাহী নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমাণ দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে পড়লে ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাইবান্ধা জেলার আমিরুল, নূর আলম ও বেলাল এবং জয়পুরহাট জেলার তাজমুল। তারা সবাই কাজের উদ্দেশ্যে ভোরে ওই এলাকায় একত্র হয়েছিলেন। নিহত বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’ এর একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি প্রথমে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে তারপর পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকেদের উপর উঠে যায় এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের করুণ মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থানরত শ্রমিকদের ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হঠাৎ এতগুলো প্রাণহানিতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
