রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি নামাপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা বসত ভিটা জোরপূর্বক বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও আলম মিয়া।
সংবাদ সম্মেলনে জমি দখল চেষ্টাকারী তসলিম উদ্দিন, মুসলিম, আইকুল গংয়ের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও আলম মিয়ার পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বয়েজ উদ্দিনের ছেলে আলম মিয়া বলেন, আমাদের প্রতিবেশি তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন ও বিলুনী বেগম গংয়ের সাথে আমার বাবা বয়েজ উদ্দিন ও চাচা বুলাল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এই বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তসলমি, মুসলিম, আইকুল, জিদ্দি বেগম, বিলুনী বেগম ও তাদের লেকজন গত ৬ আগস্ট সকালে আমাদের বসত ভিটা, জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা করে। তারা আমাদের টিউবওয়েল, ল্যাট্রিন ভাঙচুর করে এবং বাঁশের চেগার দিয়ে বেড়া দেয় যাতে করে আমরা টিউবওয়েল ব্যবহার করতে না পারি।
এ ঘটনায় আমি আদালতে এজাহার দায়ের করলে তারা আরো ক্ষিপ্ত হন এবং আমার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করেন। বর্তমানে আমার ও আমার চাচার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমরা টিউবওয়েল ব্যবহার করতে না পারায় পানি সংকটে ও পয়:নিষ্কাশন নিয়ে চরম বিপাকে রয়েছি।
জমি ও বসত ভিটা দখলের চেষ্টার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ন্যায় বিচার প্রার্থনা করছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
