পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে মাদারহাট শাহ্ ঈসমাইল গাজী (রাঃ) কোল্ড স্টোরেজ সংলগ্ন মহাসড়কের পাশে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয়রা রংপুর – ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুর রহমান মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া ঘুরিয়াখাল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পলাশবাড়ী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ জানিয়েছে, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, আজ সকালে আমরা মরদেহটি উদ্ধার করেছি। যতটুকু তথ্য পেয়েছি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে বের হয়ে এসেছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
