ঢাকাMonday , 9 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসক্ষেত্রের জমির ন্যায্য মূল্যসহ তিন দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন

Mahamudul Hasan Babu
November 9, 2026 3:40 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের গ্যাস সংযোগ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শাহজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিএনপি নেতা আবদুর রহিমের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জমির মালিক, নারী-পুরুষ, বেকার যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্যাসক্ষেত্র স্থাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের জমি ব্যবহার করা হলেও অনেক জমির মালিক এখনো ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পাননি। দীর্ঘদিন ধরে এ বিষয়ে দাবি জানিয়ে আসছেন তাঁরা। দ্রুত পাওনা পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

বক্তারা বলেন, এলাকার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে গ্যাস উত্তোলন করা হলেও স্থানীয় বাসিন্দারা এর সুফল পাচ্ছেন না। গ্যাসক্ষেত্রের কাছাকাছি বসবাস করেও তাঁরা আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। তাই স্থানীয় বাসিন্দাদের গ্যাস সংযোগের আওতায় আনার দাবি জানান তাঁরা।

এ ছাড়া গ্যাসক্ষেত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান বক্তারা। তাঁদের অভিযোগ, এলাকার জমি ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান লাভবান হলেও স্থানীয় শিক্ষিত ও কর্মক্ষম যুবকেরা চাকরির সুযোগ পাচ্ছেন না। যোগ্যতা অনুযায়ী স্থানীয় যুবকদের নিয়োগের ব্যবস্থা করার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন বাহার। তিনি বলেন, জমির মালিকদের ন্যায্য পাওনা পরিশোধ এবং এলাকার বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা আবদুর রহিম, বসুরহাটের ব্যবসায়ী আমির হোসেন, জিয়া স্মৃতি সংসদ পাটোয়ারীরহাটের সভাপতি কামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী রবিউল হাসান বিজয়, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মঞ্জু মোর্শেদ ও সেকান্তর কন্ট্রাক্টর এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন থেকে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের গ্যাস সংযোগ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।