মোঃ সাইফুর রশিদ চৌধুরী।দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে কাশিয়ানীর বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাঁদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন।
পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন তাঁরা। এরপর মিছিল নিয়ে আবার পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।
বেলা একটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ব্রিজের পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় লঞ্চঘাট ব্রিজের এক পাশে বিক্ষোভকারীরা এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা যায়। এতে ওই এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে কাশিয়ানী উপজেলায় এদিন সকাল সাতটার দিকে কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।
একই সময়ে উপজেলার পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই রাতে মহেশপুর রেলওয়ে স্টেশনেও আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।
এ ছাড়া সোমবার রাতে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, সোমবার রাতে নাশকতার ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
