মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামির নাম মাজেদুল ইসলাম মঞ্জু। তিনি আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের আবদুস সালামের ছেলে।
আমতলী থানা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মামলা নম্বর ৪৩(০৪)১১ এবং দায়রা মামলা নম্বর ২৬৮/১৪-এর ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলায় মাজেদুল ইসলাম মঞ্জুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে মঙ্গলবার আমতলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাইনুল ইসলাম গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
