ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি

Mahamudul Hasan Babu
November 10, 2026 1:49 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: আসামি পক্ষের হুমকি এবং বিচারের দাবিতে মাগুরায় পরিকল্পিত হত্যার শিকার যুবদল নেতা শাকেরের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছে। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে নিহত শাকেরের পারনান্দুয়ালী গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী শারমিন নাহার, মামা আবু সাঈদ, বড় ভাই রাজমীর এবং চাচাতো ভাই আরমান অভিযোগ করেন, হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতারকৃত আসামি মারুফের সেজো ভাই জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন নানাভাবে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। হুমকির বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করার বিষয়েও জানান তারা। হত্যাকাণ্ডের ২০ দিন পার হলেও পুলিশ এখনো সরাসরি গুলি করে হত্যার সাথে জড়িত আসামি গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে তাদের আটক করে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দাবি করেন।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর ডাকাতি করা স্বর্ণের বার ভাগাভগি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০ লাখ টাকার চুক্তিতে ভাড়াটিয়া খুনিরা গুলি করে যুবদল নেতা শাকের কে হত্যা করে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ ১৩ দিন পর হত্যা ও স্বর্ণ লুটের দুটি মামলায় ৬১ ভরি স্বর্ণ উদ্ধার এবং ১১ জন কে গ্রেপ্তার করার তথ্য দেন।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আসামিপক্ষের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, গত ৬ অক্টোবর মাগুরার রামনগরে এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মানিকগঞ্জের মজিবর রহমান নামে ব্যক্তির কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪ টি স্বর্ণের বার লুট করে। ডাকাতিতে অংশ নেয় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মারুফ হোসেন ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জনের একটি দল। এই লুট করা স্বর্ণ নিয়ে বিরোধ হয় মারুফের সাথে সাকেরের। এরই জের ধরে মারুফ হোসেন ২১ অক্টোবর ভোরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটিয়া খুনি দিয়ে শাকের কে গুলি করে হত্যা করে। এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে এখন পর্যন্ত ২ টি মামলায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে হত্যা মামলায় আটককৃতরা হচ্ছে রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ ও বশির আলী। অন্যদিকে স্বর্ণ ডাকাতির মামলায় আটককৃতরা হচ্ছে নিহত শাকেরের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী পারনান্দুয়ালী নিজ গ্রামের মারুফ হোসেন, গোলাম জাহিদ, জুয়েল হোসেন, তোকির আহমেদ, ফরিদ মন্ডল, পশু হাসপাতাল পাড়ার মিল্টন ও তার স্ত্রী মারুফা খাতুন। উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। হত্যাকারীসহ বাকি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার।