ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হুমকিতে মানচিত্র হারানোর শঙ্কা:ইসলামপুরে যমুনার গ্রাসে ভিটেমাটি ও আবাদি জমি

Mahamudul Hasan Babu
November 11, 2026 9:55 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বামতীরে অসময়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত কয়েকদিন ধরে চলমান এই আকস্মিক ভাঙনে ইতোমধ্যে বসতভিটা ও কয়েকশ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের হাজারো মানুষ। হুমকির মুখে রয়েছে বিভিন্ন বাজার,বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ স্থাপনা।

​স্থানীয় সূত্রে জানা যায়,আশির দশক থেকে শুরু হওয়া যমুনার ভাঙনের তাণ্ডবে অতীতেও সাপধরী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে হারিয়ে গিয়েছিল।পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ নির্মাণ ও ব্লক সেটিংয়ের ফলে নদী মূল স্রোতে ফিরে গেলে ওই চরগুলো আবাদ ও বসবাসের উপযোগী হয়ে ওঠে। কিন্তু বিগত কয়েক বছর ধরে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন ও অপরিকল্পিত নদী খননের কারণে শাখা নদীগুলোর প্রবাহ বদলে যাওয়ায় এ অঞ্চলে আবারও অসময়ে ভাঙন শুরু হয়েছে।

​বর্তমানে সাপধরী ইউনিয়নের মণ্ডলপাড়া, আকন্দপাড়া,বিশরশি,সুখচর,চর শিশুয়া, প্রজাপতি,বেলগাছা ইউনিয়নের শীলদহ ও সিন্দুরতলি এলাকার পশ্চিমাংশে চলছে যমুনার ভয়াল থাবা। চোখের পলকেই শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

​সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল আক্ষেপ করে বলেন,অসময়ে প্রায় ৫ কিলোমিটার জুড়ে এই ভাঙন চলছে।
এভাবে নদী ভাঙতে থাকলে আমাদের এই পুরো ইউনিয়ন একসময় মানচিত্র থেকেই হারিয়ে যাবে।আমরা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

​স্থানীয় সাংবাদিক আজিজর রহমান চৌধুরী বলেন যমুনার ভাঙা-গড়ার সঙ্গেই লড়াই করে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা আবর্তিত হয়। বংশ পরম্পরায় তারা এই অসহায়ত্বের সঙ্গে লড়ছেন। তিনি ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।

​এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো.জুবায়ের জানান,সাপধরী ইউনিয়নের ভাঙন রোধে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

​জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন,যমুনা চরে নদীর ভাঙন রোধে পদক্ষেপ নিতে বর্তমানে সমীক্ষা কার্যক্রম চলছে। খুব দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে টেকসই কার্যক্রম গ্রহণ করা হবে।

​স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু বলেন,আমার উপজেলায় নদী শাসনের কাজ চলমান রয়েছে। যমুনা নদী সুরক্ষায় বেশ কিছু নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যেই ভাঙন রোধে দৃশ্যমান কাজ শুরু হবে।