আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ লাখ ৩১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ, ১ বোতল ফেনসিডিল, ২ বোতল স্কাফ সিরাপ, ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৭২ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে, একই দিন রাত ২টা ৩০ মিনিটের দিকে গাংনীর কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়া মাঠে পৃথক অভিযান চালিয়ে আরও ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা।
দুটি অভিযানে মোট ৬২ বোতল ভারতীয় মদ, ১ বোতল ফেনসিডিল, ২ বোতল স্কাফ সিরাপ, ১ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়িসহ ৫ লাখ ৩১ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অবস্থান সম্পূর্ণ আপসহীন।
