মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সহিংসতার ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার উন্মুক্ত স্থানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এ কথা জানান।
প্রেস ব্রিফিংয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ পুলিশ প্রশাসন এরই মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় সাংবাদিকদের আশ্বস্ত করে তিনি বলেন, অভিযানের নামে কোনো নিরাপরাধ মানুষকে অযথা হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।
গতকাল রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি। তিনি বলেন, “আমি এখনো গ্রেপ্তারের সঠিক সংখ্যা আপনাদের বলতে পারছি না। জেলার পাঁচটি থানার পরিসংখ্যান সংগ্রহ করে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে।”
এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় খোলার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি প্রচলিত আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে এবং আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
