আমিনুর রহমান, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দরের ভৈরব নদীতে কার্গো জাহাজের ধাক্কায় বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) কুয়াশাচ্ছন্ন ভোরে নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাট-সংলগ্ন বিশ্বাসবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে খুলনাগামী লাইটার জাহাজ ‘এমভি মারুফ-১’-এর ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামে বালুভর্তি বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করেন। ধাক্কা দেওয়ার পর কার্গোটি দ্রুত স্থান ত্যাগ করে।
ডুবে যাওয়া বাল্কহেডের স্টাফ গোলাম রাব্বি জানান, ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে উল্টো পথে এসে এমভি মারুফ-১ তাদের বাল্কহেডের বাঁ পাশে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি নদীতে তলিয়ে যায়। তিনজন স্টাফের সবাই সুস্থ আছেন।
