স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলায় মায়ের কোল থেকে আট মাসের শিশুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অচেতন করে সন্তানকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছিলেন শিশুটির মা ও তার পরিবার।
তবে ঘটনার দুই দিন পর সেই শিশুরই মরদেহ উদ্ধার হলো উপজেলার লক্ষীপুর এলাকার একটি পুকুর থেকে। এতে শিশুটিকে ছিনতাইয়ের অভিযোগের রহস্য নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষীপুর এলাকার একটি পুকুর থেকে আট মাস বয়সী রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর এলাকার আব্দুর শুকুর ডাক্তারের বাড়ির পাশের পুকুরে একটি বস্তুু ভাসতে দেখে ফাহাদ নামে এক শিশু। প্রথমে সেটিকে পুতুল মনে করে পানি থেকে তুলতে গিয়ে সে দেখতে পায়, সেটি একটি শিশুর মরদেহ। পরে বিষয়টি বাবাকে জানালে পুলিশকে অবহিত করা হয় ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভীড় করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুর মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া মরদেহটি সেই রাশমিতা চক্রবর্তীর, যাকে অচেতন করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছিলেন তার মা নন্দীতা চক্রবর্তী ও তার পরিবার।
স্থানীয় লক্ষীপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় লক্ষীপুর মোড়ে শিশুটির মাকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি।
মহিলাটির কাছে জিজ্ঞাসা করলে তিনি বলছিল রাজাপুর যাবেন,ভ্যানের অপেক্ষায় দাড়িয়ে আছেন। তবে শিশুটির মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।
উল্লেখ্য, সোমবার মহম্মদপুর উপজেলার বাজার রাধানগর এলাকার সমীর কুমার চক্রবর্তীর স্ত্রী নন্দীতা চক্রবর্তীকে রাজাপুর এলাকার একটি স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
জ্ঞান ফেরার পর তিনি দাবি করেন, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাকে অচেতন করে তার আট মাস বয়সী সন্তান রাশমিতা চক্রবর্তীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পুলিশকে অবহিত করা হলে একাধিক টিম শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। তবে শেষ পর্যন্ত শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্ত্রী বলেছিল, আমার শিশুকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এই ঘটনা সঠিক তদন্ত দাবি করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
