ঢাকাWednesday , 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে সিঁধ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

Mahamudul Hasan Babu
November 18, 2026 12:20 pm
Link Copied!

আমিনুর রহমান, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে বসতঘরের সিঁধ কেটে গরু বিক্রির নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ধোপাদী গ্রামের দক্ষিণপাড়ার নাজমুল মোল্যার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ধোপাদী বাজারে নাজমুল মোল্যার একটি চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে ফেরেন এবং রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে ঘরের মাটির দেয়ালে সিঁধ কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অগোচরে তারা আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং জরুরি কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো ও সিঁধ কাটা দেখে চুরির বিষয়টি টের পান পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী নাজমুল মোল্যা জানান, মায়ের চিকিৎসার জন্য গরু বিক্রি করে রাখা নগদ ২০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও জমির প্রয়োজনীয় কাগজপত্র চোরেরা নিয়ে গেছে। এতে তার পরিবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
নাজমুল মোল্যার বৃদ্ধ মা কহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার চিকিৎসার জন্য রাখা সব টাকা ওরা নিয়ে গেছে। এখন আমার চিকিৎসা কীভাবে হবে, আমার ছেলের সব শেষ হয়ে গেল।’
বুধবার সকালে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বসতঘরে সিঁধ কেটে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।