আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:সীমান্তের নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সীমান্তবর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বিজিবি। এ লক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিজিবি।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর বিজিবি ক্যাম্পে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত থেকে সীমান্তসংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং সহকারী পরিচালক রাজ মামুদ।
সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ তুলে ধরা হয়।
এ সময় বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবির পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সচেতনতা এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আরও বলা হয়, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সীমান্ত এলাকার অপরাধ দমন, জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিজিবির সঙ্গে গণমাধ্যমকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক ও সমন্বয় বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সীমান্তের নিরাপত্তা ও অপরাধমুক্ত সমাজ গঠনে বিজিবি এবং গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সভাটিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
