ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে আধিপত্য ও পূর্ববিরোধে উত্তেজনা: ভাঙচুর-লুটপাটের মামলা, পাল্টা আহত হওয়ার দাবি প্রতিপক্ষের

Mahamudul Hasan Babu
November 28, 2026 7:07 am
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মৌফুলকান্দী পশ্চিমপাড়া এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে।
এক পক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হুমকির অভিযোগের পাশাপাশি প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই ক্ষত তৈরি করে হাসপাতালে চিকিৎসা নেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, মৌফুলকান্দী এলাকার মন্ডল গোষ্ঠী ও খলিশাখালী এলাকার বিশ্বাস গোষ্ঠীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নানা বিষয়ে মনোমালিন্য চলছিল। এজাহারে বাদী মো. শাহাজান কবির অভিযোগ করেন, গত ১০ নভেম্বর মঙ্গলবার রাতে দোকানের সামনে মলত্যাগ করা নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মন্ডল পক্ষের প্রিন্স মন্ডল, আলামিন মন্ডল, শাহীন মন্ডল ও মনিরুল মন্ডলের বাড়িঘর এবং দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

ওই সময় ইজিবাইক রাখার ঘর ও দোকান ভাঙচুর, লুটপাট, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় শাহাজান কবির বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে গত ১৬ নভেম্বর মহম্মদপুর থানায় মামলা (নং-১০) দায়ের করেন।

মামলার পর পুলিশ মাহাজন বিশ্বাস (৪৬) ও পিকুল বিশ্বাসকে (৫২) আটক করে আদালতে পাঠায়। অভিযোগ রয়েছে, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আসামিরা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।
এরই মধ্যে গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের পক্ষের আরিফ (২২) নামে এক যুবককে নিজেরাই আহত করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বলে মন্ডল পক্ষ দাবি করেছে।

তবে বিশ্বাস পক্ষ এ অভিযোগ অস্বীকার করে মন্ডল পক্ষের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে।
ক্ষতিগ্রস্থ প্রিন্সের মা লাভলী খাতুন বলেন, “সবেমাত্র আমার স্বামী মারা গেছেন, যার শোক এখনও কাটিয়ে উঠতে পারিনি। এরই মধ্যে আমাদের বাড়িঘর ভাঙচুর ও হামলা চালানো হয়েছে। আমরা ভীতসন্ত্রস্ত হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলের বউ সুন্নাতি দুটি শিশু নিয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে মো. নজরুল ইসলাম ওরফে ময়েন মন্ডল বলেন, “খলিশাখালী গ্রামের প্রভাবশালী মাহাজন ও তার লোকজনের নানা সময়ের হামলা, ভাঙচুর, চুরি ও হয়রানির কারণে আমাদের ছোট গ্রামের মানুষ অতিষ্ঠ। আমরা শান্তিপ্রিয় মানুষ; আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ প্রত্যাশা করছি।

ঘটনাটি নিয়ে মাহাজন বিশ্বাসের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, বাড়ির সামনে মলত্যাগকে কেন্দ্র করে আমাদের লোকজন মন্ডলদের লোকজনের বাড়িঘরে হামলা ভাংচুর করেছে এটা সঠিক তবে এ বিষয়ে আমাদের নামে মামলা হয়েছিল আমরা হাজত খেটেছি কিন্তু হাজত থেকে বের হবার পর আমাদের দুজনকেও মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। আমরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ ও করেছি।

পলাশবাড়ীয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মো: মনিরুল ইসলাম মুকুল বলেন, আগেরদিন কয়েকটি বাড়িঘরে হামলা, ভাংচুর হয়েছে এটা সঠিক। তবে পরে ২৪ তারিখে যে হামলার বিষয় বলা হচ্ছে এটা সঠিক নয় এদিন কোন সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেনি। প্রতিপক্ষকে ফাঁসাতে এবং তাদের বিরুদ্ধে মামলা করার জন্য হামলার নাটক করছে মহাজন এবং তার লোকজন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, “বিষয়টি অবগত হয়েছি, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে এছাড়া আরেকটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।