রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ নানা প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে শুরু হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ৬৯তম আখ মাড়াই মৌসুম। শুক্রবার(২৭নভেম্বর)বিকেল দোয়া মাহফিলের মাধ্যমে ২০২৬-২০২৭ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান (সুরঞ্জ)সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন,জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু এবং করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমানের।
মিল কর্তৃপক্ষ জানায়,চলতি মৌসুমে ৮৬ দিনে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৭শতাংশ চিনি আহরণের হার (রিকভারি) ধরে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের আশা করা হচ্ছে। গত মৌসুমে ৮৪ হাজার ৯৪৫ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ দশমিক ৩২ শতাংশ হারে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল। এবার আখের পরিমাণ কিছুটা কম ধরা হলেও আহরণের হার বাড়িয়ে উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে।
চাষিদের উৎসাহিত করতে এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়ে ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে,যা আগে ছিল ৬২৫ টাকা। ন্যায্যমূল্য ও সময়মতো আখ সংগ্রহ নিশ্চিত হলে চাষের পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এ চিনিকলটি দীর্ঘদিন ধরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে। মানসম্মত চিনি উৎপাদন ও ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে মিলটিকে প্রথমে আয়-ব্যয়ের সমতায় (ব্রেক-ইভেন)এবং পর্যায়ক্রমে লাভজনক প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
