আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকলাকোপা গ্রামে এক স্থানে ব্রিজ নির্মাণের বরাদ্দ নিয়ে অন্য স্থানে কাজ বাস্তবায়ন করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জনস্বার্থে ব্রিজ নির্মাণের কথা থাকলেও প্রায় এক কিলোমিটার দূরে আলেকজান্ডার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান ডিলারের বাড়ির দরজায় শুধুমাত্র একটি পরিবারের চলাচলের জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা, ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জানা যায়, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দে মজিবুল হক ভূঁইয়ার বাড়ির দরজায় ব্রিজটি নির্মাণের কথা ছিল। ওই স্থান দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু স্থানীয়দের দাবি, নির্ধারিত স্থানে ব্রিজ নির্মাণ না করে প্রায় এক কিলোমিটার দূরে অন্য স্থানে নির্মাণ করা হয়েছে। এতে প্রকল্পটির প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়েছে বলে মনে করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা না করে ব্যক্তিস্বার্থে একটি পরিবারের সুবিধার জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় হতাশা, ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মামুন, নুরনবী, মোতালেব ও বশিরসহ অনেকে জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু যে স্থানে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, তা সাধারণ মানুষের তেমন কোনো কাজে আসছে না। বরং একটি পরিবারের চলাচলের সুবিধা হয়েছে। তারা জনস্বার্থ বিবেচনায় মজিবুল হক ভূঁইয়ার বাড়ির দরজায় আরেকটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, প্রকল্পটি যে স্থানে বাস্তবায়ন করা হয়েছে, সেখানে সয়েল টেস্টসহ অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই ব্রিজ নির্মাণের কাজ শেষ করা হয়েছে। স্থানীয়রা এ বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। ভবিষ্যতে সুযোগ থাকলে মজিবুল হক ভূঁইয়ার বাড়ির দরজায় একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে।
তবে নির্ধারিত স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ব্রিজ নির্মাণের কারণ এবং এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
