স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুরে আঃ জব্বার মোল্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ফাইনালে ঝিনাইদহের কালীগঞ্জ ভাই ভাই ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নহাটা ফুটবল একাদশ।
শনিবার (২৮ নভেম্বর) মহম্মদপুর উপজেলার নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রপ্রবাসী মোঃ হায়াতুর রহমানের পৃষ্ঠপোষকতায় এবং সামাজিক সংগঠন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই দলের মধ্যে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হয়।
শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নহাটা ফুটবল একাদশ। এতে রানারআপ হয় ঝিনাইদহের কালীগঞ্জ ভাই ভাই ফুটবল একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, বীর মুক্তিযোদ্ধা খান আজিজুর রহমান, সাবেক সভাপতি জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ ও মহা সংগঠক বাংলাদেশ ব্যাংক ফেডারেশ, মোঃ আহসান হাবিব, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার মাগুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদমান আকিফ, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রব এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গ্রামীণ ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা, তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
