সবুজ হোসেন, নওগাঁ:সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় ব্যাপক পরিসরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন এবং জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক সংক্রামক রোগ, যা প্রতিরোধে টিকাদানের বিকল্প নেই। এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, এবারের ক্যাম্পেইনে নওগাঁ জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মোট ২ হাজার ৪৬০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে বিরতিহীনভাবে টিকাদান কার্যক্রম চলবে।
জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, যেসব শিশু অসুস্থ রয়েছে, তাদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। তবে নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা সব সুস্থ শিশুকে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, এই টিকাদান কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁ জেলাকে হাম ও রুবেলামুক্ত করতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
