মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের উপকূলীয় জনপদ শরণখোলায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষি অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প’-এর আওতায় স্থাপিত অত্যাধুনিক তেল নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে শতভাগ বিশুদ্ধ ও বিষমুক্ত ভোজ্যতেল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এই মহতী উদ্যোগের সফল অগ্রযাত্রায় উদ্যোক্তাদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত ও উৎসাহিত করেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার। স্থানীয় কৃষকদের উৎপাদিত সূর্যমুখী, বিনা সরিষা-৯ এবং তিল থেকে প্রস্তুতকৃত এই তেল এখন ‘পঞ্চগ্রাম তেল উৎপাদক’ ব্র্যান্ডের নামে সুদৃশ্য বোতলে লাকুরতলা বাজারের ‘পঞ্চগ্রাম সূর্যমুখী ভিলেজ’-এ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, বাজারে প্রচলিত ভেজাল তেলের ভিড়ে মানুষের কাছে বিশুদ্ধ তেলের নিশ্চয়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জনস্বাস্থ্য রক্ষা ও স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে এই দেশীয় ব্র্যান্ডের পাশে থাকার আহ্বান জানিয়েছেন কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা।
