সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর আত্রাই উপজেলায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে মালিপুকুর এলাকার আত্রাই নদীর তীর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আত্রাই থানার মালিপুকুর এলাকার মৃত তালেবের ছেলে রেজাউল (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে ফার্নিচার ব্যবসায়ী ও মিস্ত্রি মোঃ জনি (২৮) তিনি ফার্নিচার বিক্রির পাওনা টাকা আনতে আত্রাই থানাধীন গুড়নই বাজারে যান। এসময় আসামি রেজাউল তার সহযোগীদের নিয়ে জনির ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো চাকু দিয়ে তার মাথা, ঘাড় ও হাতে আঘাত করে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা ৩২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। কয়েকদিন ধরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশে অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে মালিপুকুর এলাকায় আত্রাই নদী পার হওয়ার সময় রেজাউলকে আটক করতে গেলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের তাৎক্ষণিক ও অব্যাহত চেষ্টায় অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে গ্রেফতার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রেজাউল একজন চিহ্নিত অপরাধী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আত্রাই থানাসহ বগুড়া, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ৫টি মামলার এজাহার রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
