রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে সরকারি শেড নির্মাণ কাজে বাধা প্রদান এবং শ্রমিকদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্মাণাধীন বাজারের অন্তত তিনজন শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন।
ভুক্তভোগী শ্রমিকরা জানান,তারা মলমগঞ্জ বাজারের সরকারি শেড নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় কাজ করছিলেন। কাজের অংশ হিসেবে খুঁটি স্থাপনের জায়গা কেন্দ্র করে হঠাৎ করে স্থানীয় একটি গ্রুপ দেশীয় অস্ত্র ও ইট নিয়ে আমাদের উপর আক্রমণ করে হামলা চালায়।
শ্রমিক সাবিল মিয়া জানান,”আমরা যখন কাজ করছিলাম,তখন আতিক,আসু,বর্ষণ ও সিয়ামসহ বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ভুক্তভোগী সাধু মিয়া তার হাতের জখম দেখিয়ে বলেন, “সেটেলমেন্ট আমিনের মাপ অনুযায়ী আমরা কাজ করছিলাম। কিন্তু তারা কোনো কিছুই মানতে রাজি নয়। তারা আমাদের মারধর করেছে। আচরণ জলদস্যু বা ভূমিদস্যুদের মতো।
এই হামলার ঘটনার পর বাজারের সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
