ঢাকাFriday , 24 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

Mahamudul Hasan Babu
April 24, 2026 2:38 pm
Link Copied!

​মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: ​বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানিফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এই ঘটনা ঘটে। ​নিহত আবু হানিফ ওই গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের ছেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী রায়েন্দা বাজারের ব্যবসায়ী বাবুল হাওলাদারের সাথে আবু হানিফের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে আবু হানিফের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলাকারীরা তাকে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে খুলনায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।” ​বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।