আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে ৩য় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিন প্রার্থীদের জন্য ১ম ইভেন্ট দৌড়, ২য় ইভেন্ট ড্রাগিং এবং ৩য় ইভেন্ট রোপ ক্লাইম্বিং অনুষ্ঠিত হয়।পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে সংরক্ষণ করা হয় এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের তথ্য ক্যামেরার মাধ্যমে সফটওয়্যারে সংরক্ষণ করা হয়। ৩য় দিনের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র বিতরণ করা হয়।
প্রাথমিক বাছাই পর্বের এ দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে লিখিত পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সবাইকে সতর্কতার সাথে অনলাইনে লিখিত পরীক্ষার ফি জমা দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়তে প্রার্থীদের পরিবারকে বারবার সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে মনোনীত প্রতিনিধি এআইজি (কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং) মোঃ আরিফুল ইসলাম, নিয়োগ বোর্ডের সদস্য মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা জেলার মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া জেলার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মেডিকেল অফিসার, অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
