নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ২নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ৩ জুন ২০২৬ তারিখে বিজ্ঞ ৮নং আমলী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আত্রাই) ভুক্তভোগী চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, আসামি মো. সিফাত মাহমুদ ফাহিম (৩৮) নিজেকে ডিবি, সিআইডি বা সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন। আসামি বিভিন্ন সময় ইউনিয়নের উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করেন এবং জোরপূর্বক চাঁদা দাবি করে আসছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বেলা ১১টার দিকে আসামি ফাহিম তার ৫-৬ জন অজ্ঞাতপরিচয় সহযোগীকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে ‘পূর্ব বাংলার সর্বহারা বাহিনী’ দ্বারা তাকে হত্যার হুমকি প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত সিফাত মাহমুদ ফাহিমের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ও আদালতে চাঁদাবাজি এবং প্রতারণাসহ নানা অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। তার দ্বারা প্রতারিত ও চাঁদাবাজির শিকার ভুক্তভোগীরা জানান, সিফাত নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়াকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। একের পর এক এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী অবিলম্বে এই প্রতারক সিফাতকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।
মামলার বাদী ও ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল অভিযোগে জানান, ঘটনার পর থেকে আসামি তার ব্যবহৃত মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তাকে অশালীন ভাষায় গালাগাল ও মানহানিকর বক্তব্য প্রচার করে আসছেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় থানায় অভিযোগ করলেও আশানুরূপ প্রতিকার না পাওয়ায় তিনি আদালতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এ ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত সিফাত ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
