রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
এই প্রতিযোগীতায় উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে উপজেলার কামতা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও রাতোয়াল বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এচাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন প্রমুখ।
