ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নববধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, এলাকায় নানা প্রশ্ন,লাশ হাসপাতালে রেখে স্বামী পক্ষের পালায়ন

Mahamudul Hasan Babu
June 21, 2026 2:28 pm
Link Copied!

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলার টাকিয়ারকুল গ্রামে নববধূ রূপালী ওরফে লতিফা (১৫)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র তিন মাসের সংসারে নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা, নাকি তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে—এ নিয়ে উপজেলার টাকিয়ারকুল ও আশপাশের এলাকায় নানা আলোচনা চলছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লতিফা মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের শের আলী শেখ ও রেশমা দম্পতির মেয়ে।

নিহতের বাবা শের আলী শেখ ও মা রেশমা অভিযোগ করে বলেন, প্রায় তিন মাস আগে টাকিয়ারকুল গ্রামের মিজানুর মোল্লা ও মাফরুজা দম্পতির ছেলে রানা মোল্লার সঙ্গে পারিবারিকভাবে তাদের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই লতিফা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল বলে তারা দাবি করেন। সংসারের কাজের পাশাপাশি স্বামীর পরিবারের অন্য সদস্যদের সন্তানদের দেখাশোনার দায়িত্বও তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য, লতিফাকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। এমনকি যদি এটি আত্মহত্যাও হয়ে থাকে, তবে দীর্ঘদিনের নির্যাতনের কারণেই সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে নিহতের শাশুড়ি মাফরুজা বেগম দাবি করেন, ঘটনার সময় তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার স্বামী মিজানুর মোল্লা ও ছেলে রানা মোল্লা দুটি ভ্যান নিয়ে বাইরে যান। এ সময় ঘুম থেকে উঠে লতিফা দাঁত ব্রাশ করে গোয়ালঘরে গরুর যত্ন নেওয়ার পর নিজ কক্ষে চলে যায়। পরে খাবারের জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দেওয়া হয়। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে তিনি জানান।

পরে রানা মোল্লাসহ পরিবারের সদস্যরা লতিফাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা রানা মোল্লাদের বাড়িতে হামলা চালিয়ে দুটি ভ্যান নিয়ে গেছে বলেও পাল্টা অভিযোগ করেন লতিফার শাশুড়ি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে নববধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা জরুরি।

উল্লেখ্য, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।