ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি নীতিমালা উপেক্ষা করে  স্কিম পাস। গাংনীতে সেচ পাম্প প্রকল্পে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

Mahamudul Hasan Babu
June 24, 2026 3:48 pm
Link Copied!

‎আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:   মেহেরপুরের গাংনী উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন  (বিএডিসি) পরিচালিত সেচ পাম্প প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে ঘুষের বিনিময়ে সেচ পাম্পের স্কিম অনুমোদন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক কৃষক।

‎সরকারি নীতিমালা অনুযায়ী একটি গভীর নলকূপ থেকে অন্য গভীর নলকূপের দূরত্ব কমপক্ষে ৮২০ ফুট হওয়ার কথা। তবে অভিযোগ রয়েছে, গাংনী উপজেলা বিএডিসি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে মাত্র ২৫০ থেকে ৩০০ ফুট দূরত্বের মধ্যেও স্কিম অনুমোদন দেওয়া হচ্ছে।

‎অভিযোগের তীর উঠেছে গাংনী উপজেলা বিএডিসির উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম,অফিস সহায়ক  রেবেকা খাতুন এবং ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।

‎ভুক্তভোগীদের দাবি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সরকারি নিয়ম লঙ্ঘন করে এসব অনুমোদন দেওয়া হচ্ছে।

‎স্থানীয়দের মতে, কাছাকাছি স্থানে একাধিক সেচ পাম্প স্থাপনের ফলে বিদ্যমান পাম্প মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় ভূমিধস ও পরিবেশগত ঝুঁকিও বাড়ছে।

‎সম্প্রতি উপজেলার কড়ুইগাছি গ্রামে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ জনতা গাংনী উপজেলার বিএডিসির উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

এছাড়াও বামুন্দী এলাকায় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল  বিশ্বাস এর নিকট থেকে ঘুষ চাওয়ার  স্থানীয় নেতা কর্মীরা আটক করে রেখেছিল।পরে স্থানীয়দের সহযোগিতায় বামুন্দী থেকে উদ্ধার হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সেচ পাম্প ও সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহণ, তালিকা প্রণয়নে স্বচ্ছতার অভাব এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদেই ওই দুই কর্মকর্তাকে ঘেরাও করা হয়।

‎কড়ুইগাছি গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, ২০২৩ সালে সেচ পাম্পের জন্য আবেদন করি। বারবার বিভিন্ন অজুহাতে ঘুরানো হয়। পরে অফিসের কর্মচারী দেলোয়ার হোসেন আমার বাবার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় লাইসেন্স পাইনি। অথচ একই মাঠে অল্প দূরত্বে অন্যদের লাইসেন্স দেওয়া হয়েছে।

‎একই গ্রামের কৃষক ঝন্টু অভিযোগ করেন, সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ্দের জন্য প্রথমে ৪০ হাজার এবং পরে আরও ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে বরাদ্দ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

‎আরেক কৃষক মিয়াজান বলেন, ৪০ হাজার টাকায় কথাবার্তা হলেও পরে জানতে পারি বেশি টাকার বিনিময়ে অন্যকে বরাদ্দ দেওয়া হয়েছে।

‎সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, ছাতিয়ান, ধর্মচাকী, দেবীপুর ও মটমুড়া গ্রামের বিভিন্ন স্থানে সরকারি নীতিমালার বাইরে স্কিম অনুমোদনের অভিযোগ রয়েছে।

‎হাতিয়ান গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, তিন বছর ধরে অফিসে ঘুরছি। টাকা না দেওয়ায় আমার স্কিম অনুমোদন হচ্ছে না। অথচ একই এলাকার আনারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, নাসিরের  মাত্র ২০০ ফুট দূরত্বে অন্যদের স্কিম অনুমোদন দেওয়া হয়েছে।

‎ধর্মচাকী গ্রামের কৃষক আবজাল হোসেন জানান, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে হ্যালো ইঞ্জিনের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করলেও তার আবেদন উপেক্ষা করে আমার এরাকার জহুরুল ইসলামের  স্কিম অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‎দেবীপুর গ্রামের লিটন আলী বিএডিসির মাধ্যমে দুটি সেচ পাম্পের অনুমোদন পান। তার দাবি, একটি স্কিম কার্যকর থাকা সত্ত্বেও একই এলাকার জাকের আলীর  অল্প দূরত্বে নতুন স্কিম অনুমোদন দেওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানান।

কড়ুইগাছি গ্রামের ফিরোজ হোসেন জানান, আমার স্কিমের মধ্য নতুন করে ঝন্টু নামের একজনের ২৫০ ফুটে  লাইসেন্স দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে, এ ঘটনায় আমি লিখিত অভিযোগ গিয়েছিলাম, কোন কর্ণপাত করেনি।

‎এ ছাড়া মটমুড়া গ্রামের রিপন আলী, মহিবুল ইসলাম, নুর ইসলাম, হাসেম আলী, ইকবাল হোসেন, মিনারুল ইসলাম এবং একরামুল হকের সংযোগও সরকারি নির্দেশনার বাইরে অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয় কয়েকজন ইলেকট্রিশিয়ানের অভিযোগ, কিছু ক্ষেত্রে পল্লী বিদ্যুতের কর্মকর্তারাও অবৈধ সংযোগ প্রদানের বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন। তবে এ অভিযোগের পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

‎অভিযোগ অস্বীকার করে ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন বলেন, আমি কারও কাছে টাকা দাবি করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

‎গাংনী উপজেলা বিএডিসির উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, উপজেলা সেচ কমিটির অনুমোদনের ভিত্তিতেই সেচ পাম্প স্থাপনের অনুমতি দেওয়া হয়। আমরা ৮২০ ফুট দূরত্বের নিয়ম মেনেই স্কিম অনুমোদন করি। সংযোগ প্রদানের ক্ষেত্রে যদি কোথাও অনিয়ম হয়ে থাকে এবং কোনো কৃষক লিখিত অভিযোগ দেন, তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

‎গাংনী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম শফিউদ্দিন আহমেদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয়ে বক্তব্য জানতে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‎ভুক্তভোগী কৃষকদের দাবি, সেচ পাম্প ও সৌরবিদ্যুৎ প্রকল্পে অনিয়ম এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।