ঢাকাThursday , 25 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ

Mahamudul Hasan Babu
June 25, 2026 10:36 am
Link Copied!

 এস এ ডিউক ভূইয়া তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার উলুকান্দি গ্রামে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে তিতাস থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মৃত সাব মিয়ার স্ত্রী বিলকিস বেগম (৪৫)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত গিয়াসউদ্দিন ভূইয়ার ছেলে রুমেল ভূইয়াকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করা হয়। গত ২১ জুন সন্ধ্যা ৭টার দিকে উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগে ২০ জুন রাত সাড়ে ৯টার দিকে উলুকান্দি পশ্চিমপাড়ার একটি চায়ের দোকানের সামনে মানিক ও আলম নামে দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জের এবং প্রতিশোধপরায়ণ মনোভাব থেকেই পরদিন মানিক ও সুমন গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসীর দাবি।
সংঘর্ষে পাঁচটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনায় রুমেল ভূইয়ার পক্ষের আহতরা হলেন—মানিক (৪০), শামীম (৬০), আলম (৪৫), নুর মোহাম্মদ (২৫), ইয়াছিন (১৮) এবং শিউলি বেগম (৩০)। অপরদিকে আহত হয়েছেন সুমন (৪৫), সাইফুল ইসলাম (৩০) এবং অন্তঃসত্ত্বা মমতাজ বেগম (২৭)।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্তঃসত্ত্বা মমতাজ বেগমের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে গুরুতর চোখের আঘাতে আহত ইয়াছিনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, শনিবার রাতের ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, প্রতিশোধের অংশ হিসেবে মানিক গ্রুপের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলার চেষ্টা চালায়। সুমন আত্মরক্ষার্থে নিজ বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর এবং ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
তবে অপর পক্ষের বিরুদ্ধে মানিক ভূইয়ার বাড়িতে হামলা ও চারটি ঘর ভাঙচুরের অভিযোগও রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর স্থানীয়দের একটি অংশ রুমেল ভূইয়ার বিরুদ্ধে দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ সামনে আনতে শুরু করেছেন। তাদের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তিনি ১৫ থেকে ২০ সদস্যের একটি লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছেন। জমিজমা সংক্রান্ত বিরোধ দেখা দিলে ওই বাহিনীর সদস্যদের ব্যবহার করে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করা হতো বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রুমেল ভূইয়ার বিরুদ্ধে ভূমি দখল, জাল দলিল তৈরি, ভূয়া কাগজপত্র সৃজন, কর্মক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি এবং একটি এনজিওর মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমা পড়েছে।

এলাকাবাসীর আরও দাবি, তিনি কখনো কাজী, কখনো স্বাস্থ্য সহকারী এবং কখনো জমি পরিমাপক হিসেবে কাজ করেন। এছাড়া জমিজমা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র তৈরি ও দলিল সম্পাদনের ক্ষেত্রেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে একই গ্রামের কৃষক মো. জাকির হোসেন অভিযোগ করেছেন, তার মালিকানাধীন ২৮ শতাংশ ফসলি জমি কেটে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় তিনি তিতাস থানাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।
জাকির হোসেন অভিযোগে উল্লেখ করেন, কালাইগোবিন্দপুর মৌজার তার পৈত্রিক ও খরিদসূত্রে অর্জিত জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের চেষ্টা চলছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপের পরও গত ৬ জুন রাত থেকে ৭ জুন ভোরের মধ্যে ভেকু মেশিন ব্যবহার করে তার জমির মাটি কেটে রাস্তা নির্মাণ করা হয়। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া উলুকান্দি গ্রামের মোস্তাক ভূইয়ার ছেলে রাসেল ভূইয়াও রুমেল ভূইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে তিতাস থানাসহ আদালতে একাধিক মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন। রাসেল ভূইয়ার অভিযোগ, তাদের মালিকানাধীন জমি দখলের চেষ্টা, রাস্তা নির্মাণ এবং প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার পরিবারের সদস্য এবং প্রবাসী স্বজনদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাও বিভিন্ন সময়ে হামলা, মারধর ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভয়ে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। সাম্প্রতিক সংঘর্ষের পর ধীরে ধীরে ভুক্তভোগীরা নিজেদের অভিযোগ প্রকাশ করতে শুরু করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের জমিজমা বিরোধ, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অভিযোগের কারণে এলাকায় অস্থিরতা বিরাজ করছিল।
অপরদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত রুমেল ভূইয়া পক্ষও সুমন মিয়া ও তার সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দীর্ঘদিনের অভিযোগগুলোরও যথাযথ অনুসন্ধান হবে।