ঢাকাFriday , 26 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

Mahamudul Hasan Babu
June 26, 2026 4:44 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে তিনজন গোসল করতে নেমেছিল। এঘটনায় নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে মাইশা (১১) নামে অপর এক শিশুকে। তবে এখনও নিখোঁজ রয়েছে নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী।
শুক্রবার (২৬ জুন ) দুপুরে উপজেলার করনাই এলাকার টাঙ্গন নদীর আতাইঘাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) ইকবাল হোসেন প্রামানিক।
স্থানীয়রা জানায়, জানরহাট সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে নাঈম, আব্দুর রশিদের মেয়ে মাইশা এবং ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে এসএসসি পরীক্ষার্থী নাফিসা দুপুরে টাঙ্গন নদীর গেঞ্জি ডুবা ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে নাঈম ও মাইশাকে পানির ওপর তুলে আনেন। গুরুতর অসুস্থ অবস্থায় নাঈমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মাইশা বর্তমানে সুস্থ রয়েছে।
এদিকে নিখোঁজ নাফিসাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়। তবে রাত ৯টা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার দিনের আলোয় আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।
জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে নাফিসা তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি। দিনের বেলায় পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।