ঢাকাSaturday , 27 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

Mahamudul Hasan Babu
June 27, 2026 4:43 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি কামরুজ্জামান।

বুধবার ভোরে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি প্রথম টের পান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মাছ রক্ষায় বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত অধিকাংশ মাছ মারা যায়।

জানা গেছে, গাংনী বাজারের জামান গার্মেন্টসের স্বত্বাধিকারী ও মাছচাষি কামরুজ্জামান দীর্ঘদিন ধরে বাড়ির পাশে তিন বিঘা আয়তনের একটি পুকুরে পাঙ্গাস ও তেলাপিয়া মাছ চাষ করে আসছিলেন। পুকুরে প্রায় এক হাজার পাঙ্গাস মাছ ছিল, যার প্রতিটির ওজন ৮ থেকে ১২ কেজির মধ্যে। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ তেলাপিয়া মাছও ছিল। অল্প কিছুদিনের মধ্যেই মাছগুলো বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগের ফলে পুকুরের অধিকাংশ মাছ মারা যায়। পরে পুকুর থেকে মাছ তুলে বিক্রির চেষ্টা করা হলেও বিষক্রিয়ার কারণে সেগুলোর বেশিরভাগই দ্রুত নষ্ট হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, ভোরে কামরুজ্জামান ভাই ডাকাডাকিতে ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরের মাছগুলো খাবি খাচ্ছে। পরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও মাছগুলো রক্ষা করা সম্ভব হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।

ক্ষতিগ্রস্ত মাছচাষি কামরুজ্জামান বলেন, পরিকল্পিতভাবে আমার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। মাছগুলো বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। ঠিক এমন সময়ে এ ঘটনা ঘটায় আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. জাকির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। ব্যস্ততার কারণে এখনও ঘটনাস্থলে যাওয়া হয়নি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে এবং দ্রুত সরেজমিনে পরিদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেন, বিষয়টি জানার পর উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।