ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ভিসা চালু হওয়ায়- বিরল-রাধিকাপুর ইমিগ্রেশনের দিকে তাকিয়ে আছে হাজারো মানুষ।

Mahamudul Hasan Babu
June 29, 2026 12:58 pm
Link Copied!

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দীর্ঘ সময়ের পর ভারতীয় ভিসা চালু হওয়ায় বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন ও চেকপোষ্টটির দিকে তাকিয়ে আছে হাজারো মানুষ। দীর্ঘ ৭ বছর ধরে এই ইমিগ্রেশন চেকপোষ্টটি বন্ধ থাকায় যাত্রী পারাপারের সুবিধার্থে দ্রুত এই স্থলপথটি পুনরায় চালু করার দাবী জানিয়েছেন ভারত গমনেচ্ছুক ও স্থানীয়রা। তাহলে একদিকে যেমন চিকিৎসা নিতে যাওয়া রোগী ও ভ্রমন পিপাসু মানুষদের কষ্ট লাঘব হবে। অন্যদিকে বিরল ও রাধিকাপুরে ট্রেনসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় যাত্রীদের খরচ অনেক সাশ্রয়ী হবে।

জানা গেছে, করোনা মহামারির কারণে ২০২০ সালে ১৩ মার্চ থেকে দিনাজপুরের বিরল-রাধিকাপুর স্থল ও রেলওয়ে পথের ইমিগ্রেশন চেকপোষ্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারী থেকে কয়েকদিন পণ্যবাহী ট্রেন চলাচল করতে দেখা গেলেও স্থলপথটি বন্ধ রয়েছে পুরো ৭ বছর ধরে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরের জেলা গুলোর ভ্রমণপিপাসু অনেক মানুষ ও ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার স্থলপথটি চালু করার আশ্বাস দিলেও তা আর এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

ভারত গমনেচ্ছুক ও স্থানীয়দের মধ্যে অনেকে জানান, এই রুটটি চালু হলে খুব কম সময়ে এবং সাশ্রয়ী খরচে ভারতে যাতায়াত করা যাবে। এই পথে বাংলাদেশের সীমানা পার হলেই ভারতের রাধিকাপুর রেলস্টেশন। সেখান থেকে ট্রেন যোগাযোগের মাধ্যমে স্বল্প খরচে আরামদায়ক ভাবে ভারতের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে এবং দর্শনীয় স্থান গুলোতে যাওয়া যায়। এই ইমিগ্রেশন চেকপোষ্টটি বন্ধ থাকায় আমাদের ঘুরে হিলি, চিলহাটি বা বাংলাবান্ধা দিয়ে যেতে হয়। এতে করে আমাদের রোগী নিয়ে এতো দূর ঘুরে যাওয়া অনেক কষ্টের হয় এবং খরচও হয় অনেক বেশি। আমরা বারবার দাবি জানানোর পরও যাত্রী পারাপারের জন্য এই ইমিগ্রেশন চেকপোষ্টটি চালুর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে এই ইমিগ্রেশন চেকপোষ্টটি চালু চাই।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইমিগ্রেশনটি দ্রুত সচল করতে দ্বিপাক্ষিক আলোচনা ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।