আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পিতা মনির উদ্দিনকে হত্যার দায়ে তার ছেলে সিফাত ফকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সিফাত ফকির গাংনী উপজেলার কল্যাণপুর কালিতলা পাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ এপ্রিল রাতের খাবার খেয়ে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েন মনির উদ্দিন। গভীর রাতে তাকে গলা কেটে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা মামলা (মামলা নং-১৫, জিআর কেস নং-৮১/২০১৯) দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন বামুন্দি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) এস এম বুলবুল আহমেদ। তদন্তে নিহতের ছেলে সিফাত ফকিরের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নজরুল ইসলাম। আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম।
