এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে যথাযোগ্য মর্যাদায় সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিরল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহে বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক আলোচনা সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি বিমল মার্ডির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল ইসলাম প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
