মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
বুধবার(১ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বিনামূল্যে সার ও বীজ তুলে দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও শ্রীপুর পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব ডাঃ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মুসলেহ উদ্দিন মৃধা শ্রীপুর ইউসিসির সভাপতি মাহফুল হাসান হান্নানসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
