মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর: শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারে ডিমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রান্তিক খামারিরা। কর্মসূচির একপর্যায়ে তারা সড়কে ডিম ফেলে ব্যতিক্রমী প্রতিবাদ জানান।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে মেসার্স হান্নান এন্টারপ্রাইজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা অংশ নেন।
মানববন্ধনে খামারিদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। সেগুলোতে লেখা ছিল, ‘ডিমের দামের ঊর্ধ্বগতি, ডিমের দামে খামারিদের ক্ষতি’, ‘ডিম খেলে পুষ্টি মেলে, খামারিরা কেন ঋণের জালে’ এবং ‘ডিমের দাম কমল কেন, জবাব চাই’।
বক্তারা বলেন, উৎপাদন খরচের তুলনায় ডিমের বাজারমূল্য কমে যাওয়ায় প্রান্তিক খামারিরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ঋণের বোঝা নিয়ে খামার পরিচালনা করছেন।
একজন খামারি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, খামারিদের স্বার্থ রক্ষায় ডিমের একটি ন্যায্যমূল্য নির্ধারণ করে দেয়া হোক। যে দেশে একটি সিগারেটের দাম ২৩ টাকা, সেই দেশে একটি ডিমের দাম পাঁচ টাকা হয় কীভাবে?
খামারিদের অভিযোগ, বাজারে কয়েকটি বড় প্রতিষ্ঠান ও সিন্ডিকেটের প্রভাবের কারণে তারা উৎপাদিত ডিমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এ বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপও দাবি করেন তারা।
মানববন্ধন শেষে খামারিরা জৈনা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
