আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আলম নুরু হত্যা মামলায় নিরীহ দুই ইটভাটার শ্রমিক ও এক গৃহবধূকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে মামলাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের শনাক্ত করে নিরপরাধদের অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ভুক্তভোগীদের এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
ভুক্তভোগীরা হলেন,চর কাদিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আহাম্মদ উল্লাহর ছেলে ইটভাটার শ্রমিক মো. জহির (৪২), তোরাবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত দুলালের ছেলে কামাল উদ্দিন (৪৫) এবং চর কাদিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামালের স্ত্রী নুরনাহার বেগম পাখি (৩০)।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস, সাবেক ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন, স্থানীয় স্কুল শিক্ষক মো. হাসান এবং সমাজকর্মী আজগর হোসেন জুয়েলসহ অনেকে।
বক্তারা বলেন, হত্যা মামলার মতো গুরুতর ঘটনায় নিরীহ ও অসহায় মানুষকে জড়িয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক। জহির ও কামাল ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং পাখি একজন সাধারণ গৃহবধূ। তারা এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বসবাস করে আসছেন। ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন বক্তারা।
তারা আরও বলেন, মামলায় আসামি হওয়ার পর ভুক্তভোগীরা প্রায় তিন মাস কারাভোগ করেছেন। পরে এলাকার মানুষ চাঁদা তুলে আইনগত ব্যয় বহন করে তাদের জামিনের ব্যবস্থা করেন। বর্তমানে জামিনে মুক্ত থাকলেও মামলার বোঝা নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে তাদেরকে মামলার আসামির তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষক মো. হাসান বলেন, নুরুল আলম নুরু সাহেবেরহাট ইউনিয়নের মেঘনা নদীর তীরে হত্যাকাণ্ডের শিকার হন। অথচ ভুক্তভোগীদের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চর কাদিরা ইউনিয়নে। নুরুর সঙ্গে পাখি আক্তারের ভাই-বোনের মতো সম্পর্ক ছিল। নুরু নিখোঁজ হওয়ার পর তার খোঁজখবর নিতে পাখি আক্তার কয়েকবার নুরুর মোবাইল ফোনে কল করেন। নিখোঁজের তিন দিন পর নুরুর মরদেহ উদ্ধার হলে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে পাখি আক্তারকে আটক করে। পরে তার চাচা জহির ও ফুফা কামালকেও আটক করে তদন্ত ছাড়াই তাদেরকে মামলার আসামি করা হয়।
ইউপি সদস্য মো.ইদ্রিস বলেন, কেবল একজন নিখোঁজ ব্যক্তির খোঁজ নেওয়ার জন্য মোবাইলে ফোন করা যদি অপরাধ হয় এবং হত্যা মামলার আসামি হতে হয়, তাহলে সেটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চাই এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাই।
উল্লেখ্য,উপজেলার সাহেবের হাট ইউনিয়নের নুরুল আলম নুরু চলতি বছরের ১৬ জানুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হন। এর তিন দিন পর ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে মাতাব্বরহাট মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লকের ওপর থেকে নুরুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর পুলিশ নুরুর ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাক করে দেখতে পায়, নুরুন্নাহার পাখি নামের এক নারীর নম্বরে নুরুর একাধিকবার যোগাযোগ হয়েছিল। এই যোগাযোগের সূত্র ধরেই ১৯ জানুয়ারি রাতে পাখি বেগম, তাঁর চাচা জহিরুল ইসলাম এবং ফুফা কামাল হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে নিহত নুরুর পরিবারের দায়ের করা হত্যা মামলায় এই তিনজনকে সন্দেহভাজন আসামি দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। দীর্ঘ ৩ মাস ১৬ দিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তাঁরা।
মামলার বর্তমান পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চাইলে তদন্তকারী সিআইডি লক্ষ্মীপুর জেলা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা মামলাটি অত্যন্ত গুরুত্ব ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তদন্ত করছি। তদন্তে আসামিদের সম্পৃক্ততা না পাওয়া গেলে তাদেরকে অব্যাহতি দিতে আদালতে সুপারিশ করা হবে।
